কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ের খবর প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে থাকেন। ফেসবুক ছেয়ে যায় তার মিমে। এ নিয়ে শাকিব খানের ‘শিকারি’ সিনেমার নায়িকা মুখ না খুললেও টলিউডের সহকর্মীরা পাশেই রয়েছেন।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, ‘‘প্রথম দুদিন সব দেখেও চুপ ছিলাম। তারপর আর পারলাম না। এ কী অসভ্যতামি!’’
শ্রাবন্তীর বন্ধু অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বলেন, ‘‘শ্রাবন্তীর জন্য আমার অনেক শুভেচ্ছা। ও যেটা ভালো মনে করেছে- সেটা করেছে। অনেক মানুষই একাধিকবার বিয়ে করেছেন। কিন্তু শুধু নায়িকা বলেই হয়তো শ্রাবন্তীকে বিচার করা হচ্ছে, ট্রোল করা হচ্ছে। কারো ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি কেন হবে?’’
লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে অনেকবার ট্রোল হয়েছেন মিমি চক্রবর্তী। তার বক্তব্য, ‘‘অভিনেত্রী বলেই হয়তো এগুলো সহ্য করতে হচ্ছে তাকে। কারো ব্যক্তিগত জীবন নিয়ে এই নোংরামি বন্ধ হোক। পর্দার আড়ালে থেকে যা খুশি বলা খুব সোজা।’’
এ ছাড়া পরিচালক রাজর্ষি দে, সৃজিত মুখোপাধ্যায় মুখ খুলেছেন। রাজর্ষির একটি ছবিতে শ্রাবন্তী ছিলেন। তিনি বলেন, “ও যেমন একজন ভালো মা, তেমনই ভালো সন্তান, ভালো অভিনেত্রী... ও ডিজার্ভ করে একজন ভালো জীবনসঙ্গী। সেটা একবার না হয়ে দু’বার, তিনবার, চার-পাঁচবারেও হতে পারে। তাতে আমার কোনো আপত্তি নেই... ওর ভালো থাকাটাই আসল।”
২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী, ২০১৬ সালে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। তাদের ছেলে ঝিনুক শ্রাবন্তীর কাছেই থাকে।
বছর দেড়েক আগে মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী, তবে সেই সম্পর্ক তিন মাসের বেশি টেকেনি। শুক্রবার উড়োজাহাজের কেবিন ক্রু রোশান সিং-এর সঙ্গে বিয়ে হয়েছে এ নায়িকা। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
