১৭৩১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ সাহিত্যিক এবং সাংবাদিক ড্যানিয়েল ডিফো। তাকে ইংরেজি উপন্যাসের অন্যতম সূচনাকারী ও অর্থনৈতিক সাংবাদিকতার প্রবক্তা বলা হয়। ডিফোর জন্ম হয়েছিল ১৬৬০ সালের (মতান্তরে ১৬৫৯ ও ১৬৬১) সেপ্টেম্বরে, চসার ও শেকসপিয়ারের মধ্যযুগীয় লন্ডন শহরে। প্রকৃত নাম ড্যানিয়েল ফো। তার বাবা জেমস ফো মোমবাতি বিক্রি করতেন। ডিফো নিজেও ব্যবসাকে জীবিকা অর্জনের পথ হিসেবে বেছে নিয়েছিলেন। জীবনের বেশিরভাগ সময় ঋণগ্রস্ত ছিলেন। স্ত্রীর নাম মেরি টাফলি। বলা হয়, মেরিকে তিনি যৌতুকের বিনিময়ে বিয়ে করেছিলেন। তিনি ঋণের দায়ে ১৬৯২ সালে একবার গ্রেপ্তারও হন। জেল থেকে ছাড়া পেয়ে ডিফো ইউরোপ ও স্কটল্যান্ড ভ্রমণ করেন। সে সময় তিনি মদের ব্যবসা করতেন। ‘রবিনসন ক্রুসো’ উপন্যাসের জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। অনেকেই মনে করেন, কালজয়ী এ কাহিনীর ভিত্তি এক বাস্তব চরিত্র। ইংরেজ নাবিক ও জলদস্যু ক্যাপ্টেন উইলিয়াম ড্যাম্পিয়ার তার আলেকজান্ডার সেলকার্ক নামে এক সঙ্গীর আচরণে বিরক্ত হয়ে তাকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ডুয়ান ফার্নান্দেজ নামক এক পর্বতময় নির্জন দ্বীপে ফেলে আসেন। চার বছর পর ফিরে আসেন সেলকার্ক। বলা হয়, তার কাহিনীই লিখেছেন ডিফো ‘রবিনসন ক্রুসো’ নাম দিয়ে। ডিফো ছিলেন একজন ব্যক্তিত্বভিত্তিক এবং বহুমুখী লেখক। রাজনীতি, অপরাধ, ধর্ম, বিবাহ, মনোবিদ্যা ও অতিপ্রাকৃতিকসহ বিভিন্ন বিষয়ে তার রচনার সংখ্যা পাঁচ শতাধিক।
×
