ইউপিজিডিসিএলের শেয়ার

জেম গ্লোবালের কাছে বিক্রির সম্মতি দেয়নি বিএসইসি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১২:১১ এএম

বিদেশি একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) শেয়ার বিক্রিতে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদেশি কোম্পানির মালিকানার তথ্য না দেওয়া, শেয়ার ক্রয় ও মূল্য নির্ধারণ পদ্ধতি সিকিউরিটিজ আইন অনুযায়ী না হওয়ায় তাতে সম্মতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

গতকাল বিএসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় নিয়ন্ত্রক সংস্থাটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষস্থানীয় বাজার মূলধনী কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইউপিজিডিসিএল। এর বাজার মূলধন হচ্ছে ১৬ হাজার ৫৪ কোটি টাকা। এ কোম্পানির মোট শেয়ারের ৯০ শতাংশ রয়েছে এর উদ্যোক্তা পরিচালকদের হাতে।

জানা যায়, জেম গ্লোবাল ঈল্ড ফান্ড এলএলসি এসসিএস নামের নিউইয়র্কভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি চলতি বছর ইউনাইটেড পাওয়ারের শেয়ার ক্রয় করতে একটি ক্রয় চুক্তি করে। চলতি বছরের ৩১ মার্চ ইপিজিডিসিএলের করপোরেট পরিচালক ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের (ইউএমপিএল) সঙ্গে এ চুক্তি করে জেম গ্লোবাল। গত ৭ এপ্রিল এ চুক্তির বিষয়টি কমিশনকে জানায় ময়মনসিংহ পাওয়ার ও উক্ত লেনদেনের বিষয়ে সহায়তা কামনা করে।

বিএসইসি জানায়, উক্ত চুক্তিতে বিদেশি কোম্পানির কাছে কী পরিমাণের শেয়ার বিক্রি করা হবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এমনকি কমিশনের চাহিদা অনুযায়ী জেম গ্লোবালের পরিশোধিত মূলধন, মালিকানার তথ্যসহ প্রয়োজনীয় তথ্য দাখিল করতে ব্যর্থ হয়েছে ইউএমপিএল। এছাড়া শেয়ার ক্রয় চুক্তিটি (এসপিএ) দেশের প্রচলিত আইন অনুযায়ী নন-জুডিশিয়াল স্টাম্পে সম্পাদন করা হয়নি। এমনকি উল্লিখিত লেনদেনের সময়কাল ও শেয়ার মূল্য নির্ধারণ পদ্ধতি বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী সমর্থনযোগ্য নয়।

জেম গ্লোবালের সঙ্গে শেয়ার ক্রয়ের চুক্তিতে একটি কল অপশন উল্লেখ করা হয়েছে, যেখানে ভবিষ্যতে বর্তমান বাজার মূল্য অপেক্ষা অধিকতর মূল্যে ইউপিজিডিসিএলের কাছ থেকে ৭৫ লাখ ৭ হাজার শেয়ার ৪৭৬ টাকা ৬০ পয়সা দরে শেয়ার ক্রয়ের ক্ষমতা দেওয়া হয়েছে। যদিও পুঁজিবাজারে কল অপশনের বিষয়টি বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী সমর্থনযোগ্য নয় ও এ বিষয়ে সুনির্দিষ্ট বিধিবিধান প্রণয়ন করা হয়নি। এসব কারণে ইউএমপিএল কর্তৃক ধারণকৃত ইউপিজিডিসিএলের সুনির্দিষ্টভাবে অনুল্লেখিত শেয়ার বিদেশি কোম্পানির কাছে বিক্রির উদ্দেশ্যে শেয়ার ক্রয় চুক্তির অধীনে প্রস্তাবিত লেনদেনে কমিশন সমর্থন দেয়নি বলে জানিয়েছে বিএসইসি। 

ইউপিজিডিসিএল ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৭৯ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা। বিদেশি কোম্পানির কাছে শেয়ার বিক্রির এ চুক্তিকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই কোম্পানির শেয়ার দর কমছে। গত ২০ ফেব্রুয়ারি ইউপিজিডিসিএলের শেয়ার দর ছিল ৪১৯ টাকা, যা গতকাল ৩২২ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে। ২০১৭-১৮ হিসাব বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ৫১ পয়সা। চলতি অর্ধবার্ষিকীতে ইপিএস দাঁড়িয়েছে ৭ টাকা ৬৯ পয়সায়। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটি সর্বমোট ১১০ শতাংশ লভাংশ দিয়েছে।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত