বরিশালে ধর্ষণের শিকার এক মাদ্রাসাছাত্রী বিচার চাইতে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান ছেলে পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণের পরিবর্তে ধর্ষণচেষ্টার মামলা গ্রহণ করে।’ পরে গত ১৫ এপ্রিল বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলেও তিনি ন্যায়বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন।
হিজলা উপজেলার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে গত ৩০ মার্চ ধর্ষণ করে সজিব গাজী নামে এক যুবক। অভিযুক্ত সজিব একই উপজেলার চর মেমানিয়া গ্রামের নূরুল হক গাজীর ছেলে।
ওই ছাত্রী লিখিত বক্তব্যে জানায়, বখাটে সজিব গাজী মাদ্রাসায় যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাব দিত। এর ধারাবাহিকতায় গত ৩০ মার্চ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। সে এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছে।
