মুখোমুখি হচ্ছেন না ক্যাটরিনার দুই সাবেক

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০৩:৫২ পিএম

ক্যাটরিনা কাইফের সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর বক্স অফিস দখলের লড়াইয়ে নামতে যাচ্ছেন। এমন খবর প্রথমে শোনা গেলেও, পরে জানা গেল ছবি দুটি আলাদা আলাদা দিনে মুক্তি পাচ্ছে।

চলতি বছরে বলিউডে অতি চর্চিত সিনেমার তালিকায় আছে সালমান খান অভিনীত ‘দাবাং থ্রি’ ও রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’। বড়দিনকে সামনে রেখে ডিসেম্বরে সিনেমাগুলো মুক্তির কথা রয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, ‘ব্রহ্মাস্ত্র’-এ থাকছে প্রচুর ভিজ্যুয়াল ইফেক্টস। এ কারণে পোস্ট প্রডাকশনে বেশি সময় লাগছে। তার ওপর কিছু দৃশ্যের পুনরায় শুটিং করতে হবে। সব মিলিয়ে ক্যামেরার কাজ শেষ হতে লাগবে অক্টোবর। ফলে সাই-ফাই থ্রিলারটির ভিএফএক্স শেষ করে প্রচার পর্যন্ত যেতে বাড়তি সময় লাগবে।

অন্যদিকে সালমানের ‘দাবাং’ সিক্যুয়েলের কাজ জোর গতিতে চলছে। টানা শিডিউলে শেষ হবে দৃশ্যায়ন। এ ছাড়া ভিএফএক্সের ভারিক্কি কোনো কাজ থাকছে না এই ছবিতে।

‘ব্রহ্মাস্ত্র’-এ রণবীরের বিপরীতে আছেন বাস্তব জীবনের প্রেমিকা আলিয়া। অন্যদিকে ‘দাবাং থ্রি’তে সালমানের বিপরীতে আছেন আগের দুই কিস্তির সোনাক্ষী সিনহা। এই সিনেমার দৃশ্যায়ন শেষে আলিয়া ভাটের সঙ্গে ‘ইনশাল্লাহ’-এর জন্য আবারও ক্যামেরার সামনে ফিরবেন ভাইজান।

বলা হয়ে থাকে, রণবীরের কারণেই সালমানের জন্য ক্যাটরিনার ব্রেকআপ হয়। তবে বর্তমানে সাবেক প্রেমিকার সঙ্গে ভালো সম্পর্ক সাল্লুর। তারা পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘ভারত’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত