নুসরাত হত্যার প্রতিবাদ ঘাতকদের শাস্তির দাবি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১০:২৩ পিএম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : 

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসবী সংগঠনের ব্যানারে উপজেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধনে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে অংশ নেয় শান্তিনীড়, প্রজন্ম মিরসরাই, অভিযান ক্লাব, প্রজন্মের ভাবনা, হিতকরী, উপজেলা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফোরাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ, নির্বাণ সংঘ, মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়সহ প্রায় অর্ধশতাধিক সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ঝালকাঠি : ঝালকাঠিতে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ২০টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সমাবেশ ও মানববন্ধন করেছে। বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নুসরাত হত্যার ন্যায়বিচার, সকল পর্যায়ে বিচারহীনতার অবসান, নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের সুষ্ঠু প্রয়োগের দাবি জানানো হয়। 

জয়পুরহাট : নুসরাতের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। বেলা ১১টায় আইনজীবী ভবন চত্বরে এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ ম-লসহ মোমেন আহম্মেদ চৌধুরী, ফিরোজা বেগম প্রমুখ।

বক্তারা ফেনীর নুসরাত ও বগুড়ার আইনজীবী মাহবুব আলম শাহীনের ঘাতকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত