ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে মর্যাদা পেল যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২ তে বুধবার হংকংকে হারায় দেশটি। তাতেই তারা পেয়ে গেছে আইসিসির ওয়ানডে স্ট্যাটাস।
এদিকে নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে ওয়ানডে স্বীকৃতি পেয়েছেন ওমান।
উইন্ডহোকে হংকংকে এদিন ৮৪ রানে হারায় যুক্তরাষ্ট্র। আসরে চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। তাতেই পয়েন্ট টেবিলে সেরা চারে থাকা নিশ্চিত হয়েছে দলটির।
পাপুয়া নিউগিনি, হংকং, নামিবিয়া, কানাডা, ওমান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সেরা চার দল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ এ যুক্ত হবে স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের সঙ্গে।
ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারার পর নামিবিয়াকে ২ রান, পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারায় যুক্তরাষ্ট্র। এরপর হারাল হংকংকে। ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেরা দুইয়ে থেকে এখন আসর শেষ করার আশায় দলটি।
ওমান তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। তারা হারিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও হংকংকে। বাকি ম্যাচটিতে জিতলে শীর্ষে থেকে আসর শেষ করবে ওমান।
