পান-বিড়ি খেয়ে শিক্ষকদের ক্লাসে না যেতে নির্দেশ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০২:৩৮ এএম

পান, সিগারেট, জর্দা, তামাক ও গুল খেয়ে শিক্ষকরা ক্লাসে যেতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ ছাড়া শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে কোনো ক্রোকারিজ সামগ্রীর পরিবর্তে বই দেওয়ার জন্যও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার এ সংক্রান্ত দুটি পরিপত্র জারি করেছে মাউশি। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান স্বাক্ষরিত একটি পরিপত্রে বলা হয়েছে, কোনো কোনো শিক্ষক সিগারেট, বিড়ি, জর্দা, গুল ইত্যাদি খেয়ে ক্লাসে যান। এভাবে শিশুদের সামনে উপস্থিত হওয়া সমীচীন নয়। এতে শিশু শিক্ষার্থীদের মধ্যে একধরনের বিরক্তি তৈরি হয় এবং পাঠগ্রহণে মনঃসংযোগের বিঘ্ন ঘটে। কোনো শিক্ষক যেন এসব খেয়ে ক্লাসে না যান, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের এ বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের থালা, বাটি, মগ, জগ, গ্লাসসহ কোনো ধরনের ক্রোকারিজ সামগ্রী না দেওয়া সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, ‘বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের মাঝে ক্রোকারিজ সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিখনসামগ্রী হিসেবে এসব পণ্য আদৌ পরিগণিত হয় না। ছাত্রছাত্রীদের উপহার হিসেবে শ্রেণি উপযোগী বই দিতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষকরাই এসব বই নির্বাচন করবেন।’

এ বিষয়ে অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘থালা-বাটি, জগ-গ্লাস কোমলমতি শিশুদের পুরস্কার দেওয়ার মতো কোনো জিনিস নয়। শিক্ষার্থীদের শ্রেণি উপযোগী বই দিতে হবে, যাতে তারা কিছু শিখতে পারে।’

ক্লাসে পান-বিড়ি খেয়ে যাওয়ার নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘পান ও সিগারেট বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে। শিক্ষার্থীরাও শিক্ষকদের কাছে এগুলো আশা করে না। তাছাড়া শিক্ষার্থীদের মধ্যেও পান-বিড়ি-সিগারেটের মতো একটি নেতিবাচক বস্তু সেবনে আগ্রহ তৈরি হতে পারে। এ কারণেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত