সরকারের মন্ত্রীরা যা বলে ঘটে তার উল্টো : রিজভী

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০২:৫৪ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রমজানকে সামনে রেখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলার পরের দিনই সব পণ্যের দাম বেড়েছে। মিডনাইট ভোটের সরকারের মন্ত্রীরা যা বলেন, ঘটে তার উল্টোটা। দ্রব্যমূল্যের ক্ষেত্রেও তাই ঘটেছে। গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গত বৃহস্পতিবার পেঁয়াজের দাম প্রতি কেজি বিক্রি হয় ২৫ টাকায়। অথচ এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ২০ টাকায়। গত মঙ্গলবার সব বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৬ থেকে ২৭ টাকায়। এক সপ্তাহ আগে কেজিপ্রতি রসুন বিক্রি হয়েছিল ৮০ টাকায়। এখন তা বেড়ে ১২০ টাকা। আলু প্রতি কেজি ১৬ থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। চিনি ৫২ থেকে বেড়ে ৫৬ টাকা হয়েছে। তিনি আরও বলেন, সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৮ টাকায়। আগে ছিল ৯০ টাকা। এভাবে বেড়েছে ছোলা, ডাল, আদা, ময়দা, কাঁচামরিচসহ সবরকম নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘এভাবে বাড়তি দামে কিনতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রেতারা। স্বল্প আয়ের মানুষ রমজানের আগে আঁতকে উঠছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এই মূল্যবৃদ্ধিতে।’

অবৈধভাবে যারা ক্ষমতায় থাকে তারা কখনই জনস্বার্থ দেখে না দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘ঢাকা শহরে ওয়াসার দূষিত পানির সরবরাহে জনজীবন এখন ভয়ংকর রকম সংকটাপন্ন। ওয়াসা কর্র্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার। বাড়িতে বাড়িতে টাইফয়েড, ডায়ারিয়া, মহামারী আকার ধারণ করেছে। একদিকে সবজির অগ্নিমূল্য, অন্যদিকে দূষিত পানি পান জনজীবনকে করে তুলেছে দুর্বিষহ। সরকারি প্রতিষ্ঠান ওয়াসার মানববিধ্বংসী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানাই।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘দেশে অনাচার-বিচারহীনতা, নারী-শিশু নির্যাতনসহ অপরাধ ভয়ংকর রূপ ধারণ করেছে। জনপ্রতিনিধিত্ব করা সরকার ক্ষমতায় না থাকলে শুধু রাজনৈতিক নয়, সামাজিক অপরাধ প্রবণতাও বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। বর্তমান সরকারের সেই স্বরূপের কারণেই বাংলাদেশে ধর্ষণ, হত্যা ও অপহরণ বাড়ছে। এর মধ্যে গত ১৯ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বাশারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি দরিদ্র কালা মিয়ার পা কেটে নেয়। কালা মিয়ার ছেলে বিপ্লবের দুই পায়ের রগও কেটে দিয়েছে। থানার ওসি বলেছেন, অনেক বড় এলাকা, কালা মিয়ার কর্তনকৃত পা পাওয়া যাচ্ছে না। এই পৈশাচিক ঘটনা বিচারের মুখ দেখবে কি কোনো দিন?’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্নু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত