রাজশাহী অঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ট্রেন উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেবে।
বনলতার উদ্বোধনকে ঘিরে ব্যস্ত সময় পার করছে রেলের বিভিন্ন বিভাগ। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি বগি বুঝে পেয়েছে ঈশ্বরদী ক্যারেজ অ্যান্ড ওয়াগন বিভাগ। বগিগুলোর পরীক্ষামূলক চলাচল, জ্বালানি, বিদ্যুৎসংযোগ পরীক্ষা-নিরীক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন বিভিন্ন বিভাগের কর্মীরা। ট্রেনটিতে সংযুক্ত রয়েছে উড়োজাহাজের মতো বায়োটয়লেট। এ কারণে মলমূত্র আর রেললাইনের ওপর পড়বে না।
রেলওয়ে সূত্রে জানা যায়, এ ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের দেওয়া হবে খাবার। এই খাবারের মূল্য ধরা হবে ১৮০ টাকা করে। ট্রেনটিতে থাকছে রিক্লেনার চেয়ার, আছে ওয়াইফাই সুবিধাও। প্রতিটি বগিতে রয়েছে এলইডি ডিসপ্লে। এর মাধ্যমে স্টেশন ও ভ্রমণের তথ্য প্রদর্শন করা হবে। কিন্তু থাকছে না শীতাতপ নিয়ন্ত্রিত কোনো ধরনের বার্থ (শোয়ার ব্যবস্থা)। রেল বিভাগের ভাষ্য অনুযায়ী, যেহেতু ট্রেনটি দিনের বেলা চলাচল করবে, সে কারণে শীতাতপ নিয়ন্ত্রিত বার্থের দরকার পড়ছে না আপাতত।
ঈশ্বরদীতে অবস্থিত রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন বিভাগের ইনচার্জ একেএম গোলাম হাক্কানি জানান, নতুন ট্রেনের বগির সংখ্যা ১২টি। এর মধ্যে শোভন চেয়ারের বগি সাতটি, যার আসন সংখ্যা ৬৬৪টি। এসি বগি দুটি, আসন সংখ্যা ১৬০টি। একটি পাওয়ার কারের আসন সংখ্যা ১৬টি। দুটি গার্ডব্রেকের আসন সংখ্যা ১০৮টি। ট্রেনটিতে থাকছে একটি খাওয়ার বগি। মোট আসন সংখ্যা ৯৪৮টি।
আজ উদ্বোধন হলেও ট্রেনটির বাণিজ্যিক চলাচল শুরু হবে আগামী শনিবার থেকে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে রাজশাহী-ঢাকার মধ্যে ট্রেনটি চলাচল করবে।
