ঝিনাইদহের মহেশপুরে মহিলা কলেজ সংলগ্ন ড্রেন থেকে মোহাম্মদ নবী (৬০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার জগিহুদা গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মহেশপুর উপজেলা শহরের পাশেই মহিলা কলেজ সংলগ্ন ড্রেনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃতদেহের ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড নয়, সড়ক দুর্ঘটনা। হয়তো রাতের কোনো এক সময় মহেশপুর শহরে বিস্কিট বিক্রি শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ নবী সাইকেল নিয়ে ড্রেনে পড়ে গিয়ে মারা যান।
তবুও বিষয়টি নিয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
