অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০ শতাংশ বেতন কর্তন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৪:১৪ এএম

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০ শতাংশ বেতন কেটে

রাখার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে বিভিন্ন জেলা ও উপজেলায়। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঝিনাইদহ : সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা শিক্ষক সমিতি। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলার ছয় উপজেলার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার সভাপতি মহিউদ্দিন, শিক্ষক নেতা রিজাউল করিম, আবদুল মমিন প্রমুখ। বক্তারা এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। দ্রুত এ প্রজ্ঞাপন বাতিল করা না হলে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট ঘেরাও করার হুঁশিয়ারি প্রদান করেন তারা।

নীলফামারী : দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধনে জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। সংগঠনের জেলা সভাপতি আশরাফুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম ফেরদৌস, প্রধান শিক্ষক খোকা রাম রায়, মজিবুল হক, মোফাজ্জল হোসেন, চওড়াবড়গাছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে চৌরঙ্গী মোড় থেকে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় গিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

ঈশ্বরদী (পাবনা) : বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা মানববন্ধন ও পথসভা করেছেন। বেলা ১১টায় শহরের রেল গেটে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার আয়োজনে মানববন্ধনে ঈশ্বরদীর সব বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারী-রাউজান মহাসড়কের উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় মানববন্ধন হয়। পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সমিতির নেতারা স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক সংগ্রাম পরিষদের চেয়াম্যান প্রধান শিক্ষক রেজাউল হক।

কিশোরগঞ্জ : মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকরিপি প্রদান করেছেন হোসেনপুর উপজেলার ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী। দুপুরে উপজেলা পরিষদের সামনের রাস্তায় শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেন। সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান, হোসেনপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর আহম্মেদ প্রমুখ।

ভৈরব (কিশোরগঞ্জ) : বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ভৈরব উপজেলার উদ্যোগে আয়োজিত ওইসব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন মাধ্যমিক স্কুলের কয়েকশ শিক্ষক অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।

মিরসরাই (চট্টগ্রাম) : উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবাস সরকারের উপস্থাপনায় সভাপতি মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি মো. দিদারুল আলম, মো. আবু ছালেক, শিক্ষক নেতা মো. সাইফুল আলম প্রমুখ।

হাতিয়া (নোয়াখালী) : উপজেলার ৩২টি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষক উপজেলা পরিষদের রাস্তায় প্রায় ৪৫ মিনিট মানববন্ধন করেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এর আগে তারা উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত