মানববন্ধনে গয়েশ্বর

যারা শপথ নেবেন তারা গণদুশমন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৪:২০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন বা নেবেন তারা ‘গণদুশমন’। ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদের শপথ নেওয়ার প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণমাধ্যমবিরোধী আইন বাতিল, সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির’ দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন’। দলের নির্বাচিত এমপিদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘দলের সিদ্ধান্ত হচ্ছে বিএনপির নির্বাচিত এমপিরা সংসদে যাবেন না। দলের সিদ্ধান্ত যিনি অমান্য করবেন তিনি দলের ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন না এই সহজ কথাটা আপনারা বুঝে নিন।’

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র অভিযোগ তুলে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু ফ্রন্টের শরিক গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খানের পথ অনুসরণ করে গতকাল দুপুরে এমপি হিসেবে শপথ নেন বিএনপির জাহিদও।

শপথ অনুষ্ঠানের ঘণ্টাখানেক পর মানববন্ধনে গয়েশ্বর বলেন, ‘দলের সিদ্ধান্ত, দলের আদর্শ এবং খালেদা জিয়াকে জেলখানায় রেখে কেউ যদি শপথ নিয়ে থাকে এবং ভবিষ্যতে নেয়, তারা জাতীয়তাবাদী শক্তির সঙ্গে চলার যোগ্যতা রাখে না। যারা শপথ নেবেন তারা গণদুশমন হবেন। জনগণই তাদের বিচার সময়মতো করবে।’

তিনি আরও বলেন, ‘৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি। ওইদিন জনগণ ভোট দেয়নি। যারা আওয়ামী লীগ করেন, তাদেরও ৫ শতাংশ মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি।’

সংগঠনের সভাপতি সাখাওয়াত ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের একাংশের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবসহ সাংবাদিক নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত