কৃষ্ণার কাছে সবার আগে দেশ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৩:০০ পিএম

প্রথম ম্যাচে গোল করে দলের জয়ে রেখেছেন বড় অবদান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচটিতে ম্যাচসেরার স্বীকৃতিও হাতে ওঠে কৃষ্ণা রানী সরকারের। সামনে এবার প্রতিপক্ষ কিরগিজস্তান। যে দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে রয়েছে তার হ্যাটট্রিক। প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড় হওয়ায় বাকি ম্যাচগুলোতে আলো কেড়ে আসর সেরা হওয়ারও সুযোগ তার সামনে।

তবে শুক্রবার বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এতকিছু ভাবতে চান না টাঙ্গাইলের মেয়ে কৃষ্ণা। তার কাছে সবার আগে দেশ।

কৃষ্ণা তাই নিজেকে নিয়ে নয়, দলের জয়টা নিশ্চিত করতে চান সবার আগে। সেটা গোল করে হোক বা গোল করিয়ে। ফরোয়ার্ড লাইনে নিজের কাজটা নির্ভুল ভাবে করতে চান নারী ফুটবলে দেশের অন্যতম এই তারকা।

২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই আসরে কিরজিগস্তানের বিপক্ষে ১০-০ গোলে জয় পায় বাংলাদেশ। সেবার আসরটিতে সেরা হয়ে বাংলাদেশ পা রাখে এশিয়ার সেরা আটে। কৃষ্ণা ৮ গোল করে হয়েছিলেন আসরের সেরা স্কোরার।

সেই কিরগিজস্তানের বিপক্ষে যখন ফের মুখোমুখি বাংলাদেশ তখন কৃষ্ণা বলছেন, ‘‘আমরা যখন অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলেছিলাম তখন ওদের ১০-০ গোলে হারিয়েছি। এবার অবশ্য ১৯। তারপরও চেষ্টা করব ভালো খেলে ওদের বড় ব্যবধানে হারাতে।’’

দলটির বিপক্ষে তার হ্যাটট্রিকের কথা মনেকরিয়ে দেওয়া কৃষ্ণাকে। আরেকটা হ্যাটট্রিক আদায় করতে পারলে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট সেরার রেসে এগিয়ে যাবেন কৃষ্ণা। কিন্তু এই ফরোয়ার্ডের সোজাসাপ্টা কথা, ‘‘দলকে জেতাতে হবে, তারপর নিজের চিন্তা ভাবনা। আমি যেহেতু ফরোয়ার্ড, সেহেতু গোল করাব কিংবা নিজে গোল করব। তবে প্রথমে আমার কাছে দেশ।’’

প্রথম ম্যাচে আরব আমিরাতকে ২-০ গোলে হারালেও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল বাংলাদেশকে। গোল মিসের মহড়ায় ব্যবধানটা যে বাড়েনি। কৃষ্ণা জানালেন সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে সব চেষ্টাই করেছেন তারা।

‘‘আসলে আমাদের প্রথম ম্যাচে অনেক ভুল ত্রুটি হয়েছে। অনেক গোল মিস করেছি। সেটা যাতে আর না হয় সে জন্য স্যারেরা আমাদের নিয়ে কাজ করেছে। আমরা সেদিকে লক্ষ্য রেখেছি যেন আর সে ভুলগুলো না হয়।’’- বলছিলেন কৃষ্ণা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ‍মুখোমুখি হবে বাংলাদেশ ও কিরগিজস্তান। ‘বি’ গ্রুপ থেকে দুই দলেরই নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। তবে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ২ গোল দিয়েও একটি হজম করেছিল কিরজিগস্তান। সেখানে বাংলাদেশ ২ গোল দিয়েও নিজেদের জাল অক্ষত রাখে। গোল ব্যবধানে তাই বাংলাদেশ এগিয়ে।

এম্যাচে ড্র করলেই বাংলাদেশ গ্রুপ সেরা হয়ে ওঠে যাবে সেমিফাইনালে। তবে জয় তুলে নিয়েই গ্রুপ সেরা হওয়ার প্রত্যয় মেয়েদের। সব ঠিক থাকলে প্রথম ম্যাচের শুরুর একাদশ অপরিবর্তিত রেখেই এদিন মাঠে নামবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত