সাবিলা নূরের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন থেকে। শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। শুটিংপাড়ায়ও সাবিলা নূরের দেখা নেই। আপাতত অভিনয় থেকে দূরে তিনি? এই সুযোগটাই নিয়েছেন নিন্দুকরা। বিয়ের জন্যই সাবিলা অভিনয় থেকে দূরে ছড়াচ্ছে এমন গুঞ্জন। আসলেই কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী? এখন কোথায় সাবিলা?
এসব প্রশ্নের উত্তর মিলল। এখনই বিয়ে নয়, নিজের একাডেমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত সাবিলা। তাই বিরতি নিয়েছেন। পরীক্ষা শেষ হলেই টানা ২০ দিন শুটিং করবেন তিনি। সাবিলা বললেন, ‘সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে আমার। সব সময় তো শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাই পরীক্ষার সময় শুটিং রাখি না। পরীক্ষা শেষে টানা কাজ করতে হবে।’
সাবিলা আরও বলেন, ‘আমার বিয়ের গুঞ্জন যে ছড়াচ্ছে সে হয়তো আমাকে খুব পছন্দ করে বা খুব অপছন্দ করে। দুটোই হতে পারে। এটা পুরোপুরি অসত্য। চলতি বছর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না।’
সাবিলা জানান, ২ মে থেকে টানা শুটিং শুরু করবেন তিনি। এরই মধ্যে চূড়ান্ত কথা হয়েছে সাগর জাহান, তপু খান, মাহমুদ মাহিন, সাজিন আহমেদ বাবু, রাইসুল তমাল, মাবরুর রশীহ বান্নাহসহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে।
প্রসঙ্গত, সাবিলা নূর পড়েন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ইংরেজি বিভাগে। গত ২০ এপ্রিল থেকে তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে ২৮ এপ্রিল।
