২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাচ্ছে আটটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে পাঁচটি পূণ্যদৈর্ঘ্য, একটি শিশুতোষ ও দুটি প্রামাণ্যচিত্র। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অনুদান পেয়েছে সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, আকরাম খানের ‘বিধবাদের কথা’, হোসেন মোবারক রুমীর ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ও হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’।
শিশুতোষ চলচ্চিত্রের মধ্যে রয়েছে আবু রায়হান মো. জুয়েলের ‘নসু ডাকাত কুপোকাত’। এ ছাড়া দুটি প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে হুমায়রা বিলকিসের ‘বিলকিস এবং বিলকিস’ ও পূরবী মতিনের ‘মেলাঘর’। অনুদান হিসেবে ‘নসু ডাকাত কুপোকাত’, ‘বিধবাদের কথা’ ও ‘রাত জাগা ফুল’ প্রতিটি ছবি পাবে ৬০ লাখ টাকা করে।
‘১৯৭১ সেইসব দিন’, ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ও ‘এই তুমি সেই তুমি’ ছবিগুলো পাবে ৫০ লাখ টাকা করে। আর দুটি প্রামাণ্যচিত্রের জন্য দেওয়া হচ্ছে ৩০ লাখ টাকা করে।
১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি অনুদানের প্রথা চালু হয়। এরপর থেকে প্রতি অর্থবছরেই সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদান দিয়ে আসছে তথ্য মন্ত্রণালয়।
×
