মুম্বাই জেতায় কেকেআরের হিসাব আরও জটিল

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১২:১৪ এএম

রাজস্থান রয়্যালসের কাছে বৃহস্পতিবার হেরে চলতি আইপিএলের প্লে-অফ খেলার আশা প্রায় শেষ হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের। শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স ৪৬ রানে চেন্নাই সুপার কিংসকে হারানোর ফলে কলকাতার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের ছয় নম্বরে নাইটরা। আরও তিন ম্যাচ খেলবে তারা। এই তিন ম্যাচের দুটি আবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। যারা ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। কলকাতা একটি ম্যাচ খেলবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। যারা ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কেকেআরের ঠিক ওপরে আছে। সানরাইজার্স হায়দ্রাবাদ একটা ম্যাচ জিতলেও শেষ হয়ে যাবে কলকাতার আশা।

চিপকে শুক্রবার মাহেন্দ্র সিং ধোনিবিহীন চেন্নাই সুপার কিংস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৫৫ রান করে মুম্বাই। ওপেনার রোহিত শর্মা ৪৮ বলে ৬৭ রান করেন। ৩২ রান করেন এভিন লুইস। ২৩ রানে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়া। জবাবে দিতে নেমে অসুস্থতার কারণে না খেলা ধোনির অনুপস্থিতি ভালোই টের পেয়েছে চেন্নাই। তারা ১৭.৪ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়। ৩৮ রান করেন মুরালী বিজয়। মুম্বাইয়ের পক্ষে ৪ উইকেট নেন লাসিথ মালিঙ্গা। এখনো প্লে-অফের আগে তিন ম্যাচ খেলবে মুম্বাই। যার দুটিই কেকেআরের বিপক্ষে। আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে কেকেআরের রেকর্ড খুব বাজে। ২৩ বার মুখোমুখি হয়ে মাত্র ৫ বার জিতেছে নাইটরা। শেষ তিন ম্যাচে জিতলে কলকাতার পয়েন্ট হবে ১৪। প্লে-অফ পর্বে ওঠার জন্য মুম্বাইয়ের সমীকরণ যতটা সহজ নাইটদের সমীকরণ এখন ততটাই কঠিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত