‘বিদ্যমান আইনেই সম্পত্তির ভাগ পাবেন হিজড়ারা’

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০২:২৮ এএম

‘হিজড়া’ পরিচয়ে ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার পর মা-বাবার সম্পত্তির অংশ তারা কতটুকু পাবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সম্পত্তির মালিকানা মুসলিম আইন ও হিন্দু আইন অনুযায়ী হয়। বিদ্যমান আইন অনুযায়ী তো কোনো সমস্যা দেখছি না। তারা তো কোনো বাবা বা মায়ের সন্তান। হয়তো আলাদা থাকে তবুও তো তিনি সন্তান। বিদ্যমান আইনেই সম্পত্তির ভাগ পাবেন। এতে কোনো সমস্যা হবে না।’

প্রচলিত মুসলিম আইন অনুযায়ী ছেলে মেয়ের দ্বিগুণ সম্পত্তি পায়, হিজড়াদের ক্ষেত্রে কী হবেÑ জানতে চাইলে মাকছুদুর রহমান বলেন, ‘আমি বলতে পারব না। তবে জন্মের পর পৌরসভা বা ইউনিয়ন পরিষদে অথবা সিটি করপোরেশনে ছেলে বা মেয়ে হিসেবে নিবন্ধিত হয়ে থাকলে আইন অনুযায়ী তিনি সম্পত্তি পাবেন।’

২০১৩ সালের ১৩ নভেম্বর হিজড়াদের স্বীকৃতির বিষয়ে নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরের বছর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০১৪ সালে ভোটার তালিকা নিবন্ধনের খসড়া ফরমে ‘হিজড়া’ লিঙ্গটি যোগ করেছিলেন। কিন্তু ভোটার তালিকা আইন ও বিধিমালা সংশোধন না হওয়ায়, সেটি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে সম্প্রতি ‘হিজড়া’ পরিচয়ে ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার বিধান করেছে ইসি।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমার জানা মতে এখনো কোনো আইন নেই। আর আইন সংশোধনের প্রয়োজন রয়েছে। তারপর বলতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত