চীনে তৈরি দুই যুদ্ধজাহাজ পৌঁছেছে চট্টগ্রামে

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০২:৪৯ এএম

বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনে তৈরি ৯০ মিটার লম্বা ও ১১ মিটার প্রস্থের নতুন দুটি যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছেছে। চীনের ইয়ানতিয়ান বন্দর ও মালয়েশিয়ার কলাং বন্দর হয়ে প্রায় ৮ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। গত ১২ এপ্রিল জাহাজ দুটি চীনের সাংহাই থেকে যাত্রা শুরু করে। গতকাল শনিবার দুপুর ২টায় বন্দরের বহির্নোঙর থেকে কর্ণফুলীর নেভাল জেটিতে আনা হলে চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবু আশরাফ জাহাজ দুটিকে স্বাগত জানান।

নৌবাহিনী সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাহাজ দুটি (করভেট) নির্মাণের লক্ষ্যে চীনের শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। নির্মাণকাজ শেষে গত ২৮ মার্চ সরবরাহকারী প্রতিষ্ঠান জাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। জাহাজ দুটি আধুনিক কামান সংবলিত শত্রু বিমান, জাহাজ ও স্থাপনায় আঘাত হানতে সক্ষম। ভূমি থেকে আকাশ ও ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক থ্রিডি রাডার, ফায়ার কনট্রোল সিস্টেম, রাডার জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন যুদ্ধ-সরঞ্জাম রয়েছে। এ ছাড়াও জাহাজ দুটিতে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নে ডেক ল্যান্ডিং সুবিধা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত