শুটিং চলছে। সবাই ব্যস্ত। ক্যামেরাও প্রস্তুত দৃশ্য ধারণের জন্য। শেষ সময়ে পরিচালক অভিনেতাদের দৃশ্যটি বুঝিয়ে দিয়েছেন। এ বার শট নেওয়া হবে। ঠিক এই মুহূর্তে অজ্ঞান হয়ে গেলেন অভিনেত্রী।
এটি কোনো চিত্রনাট্যের অংশ নয়। বাস্তবেই অসুস্থতায় অজ্ঞান হয়ে পড়লেন অভিনেত্রী।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে হিন্দি টিভি শো ‘পানিপুরি’র শুটিং সেটে। অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকার।
‘পানিপুরি’র প্রযোজক সন্দীপ শিকান্দ সোশ্যাল মিডিয়ায় দীপিকার একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সোফায় শুয়ে রয়েছেন দীপিকা। তাকে ঘিরে রয়েছেন টিমের বাকি সদস্যরা। ছবির ক্যাপশনে সন্দীপ লিখেছেন, ‘হিরোইন অজ্ঞান হয়ে গিয়েছে।’
জানা গেছে, দীপিকা বেশ কিছু দিন ধরেই অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে শেয়ার করা এক ছবিতে ছিল সেই ইঙ্গিত। তার মধ্যেও শুটিং করতে গিয়েই কি ফের অসুস্থ হয়ে পড়লেন? এ প্রশ্ন রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যেই।
তবে গোটা ব্যাপারটি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি দীপিকা। ফলে দীপিকার অসুস্থতার খবর বা ভাইরাল হওয়া ছবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে কোনও কোনও মহলে।
