সালামের জামিন বাতিল করায় বিএনপি ও ঐক্যফ্রন্টের নিন্দা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১০:৫১ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের জামিন বাতিল করে কারাগারের পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা নিন্দা জানায়।

বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুস সালাম রোববার মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।

এতে বলা হয়, এ ছাড়া গত ২৪ এপ্রিল বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিনও নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেছেন বিএনপি মহাসচিব।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুস সালামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত