সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি ব্যবস্থাপনায় ডিগ্রিধারী, দক্ষ ও পেশাদার তথা উপযুক্ত লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে। এখন লাইব্রেরিয়ানের পদে বেশিরভাগ ক্ষেত্রে অপেশাদার ও অদক্ষ লোকরা রয়েছেন। গতকাল রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পাঠ উপযোগী কার্যকর লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে, যাতে নতুন প্রজন্ম লাইব্রেরি ও বইমনস্ক হয়ে গড়ে ওঠে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হবে। ব্রিটিশ কাউন্সিলের আওতায় যুগোপযোগী ও আধুনিক গণগ্রন্থাগার নীতিমালা তৈরিই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এটি সফলভাবে করতে পারলে তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য একটি বড় অর্জন হবে।
