মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় মাহফুজ উল্লাহ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০২:৩৪ এএম

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ সাংবাদিক মাহফুজ উল্লাহ। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার দাফন সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে মাহফুজ উল্লাহর স্মরণে আগামী ১ মে বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে মিলাদ মাহফিল হবে।

এর আগে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মরহুমের মরদেহ আনা হলে সাংবাদিক, রাজনীতিবিদসহ পেশাজীবীরা পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান প্রমুখ। এর আগে দুপুরে গ্রিন রোডের মসজিদে মাহফুজ উল্লাহর প্রথম জানাজায় বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, আবদুল কাইয়ুম, রুহুল কুদ্দুস তালুকদার দুলসহ অনেকে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত