সংবাদ সম্মেলনে সুলতানা কামাল

নির্যাতনের বিচার পান মাত্র ৩ শতাংশ নারী

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০২:৩৬ এএম

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘দেশে ৮৭ ভাগ নারী নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু নুসরাতের মতো নির্যাতিত ৩ শতাংশ নারী বিচার পায়, বাকিরা পায় না।’ গতকাল রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘সাহসিক নুসরাত, তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ’ সেøাগানকে সামনে রেখে ‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, ‘মেয়েরা যখন সব বাধা পেরিয়ে এসেছে তখন কেন দেশে নির্যাতন বাড়ছে? গত জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে শুধু নুসরাতের মতো ঘটনা ঘটেছে ৬৩টি, তবে এ সংখ্যা আরও বেশি ঘটতে পারে।’

তিনি বলেন, ‘নারীরা এটা করতে পারবে না, ওটা করলে নির্যাতনের শিকার হবে। আমার প্রশ্ন হলো কেন নির্যাতনের শিকার হবে? তাই বলতে চাই, যারা নারীদের ছোট করে দেখে, অসম্মান করে তারা জাতির শত্রু, সমাজের শত্রু, সকলের শত্রু।’

সংবাদ সম্মেলনে ‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ডিবিসি নিউজের সম্পাদক নবনীতা চৌধুরী, টিভি প্রেজেন্টার প্ল্যাটফর্মের ভাইস প্রেসিডেন্ট খন্দকার ইসমাইল ছাড়াও বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত