প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০৪:১৪ এএম

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আজ সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। 

গত ১৪ এপ্রিল রবিবার সন্ধ্যায় সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে রাত ৮টার দিকে সুবীর নন্দীকে সিএমএইচে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু গুণী শিল্পীর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিত তার ডায়ালাইসিস করতে হচ্ছিল। 

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে।

চলচ্চিত্রে সুবীর নন্দী প্রথম গান করেন ১৯৭৬ সালে আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় এই শিল্পী জন্ম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত