খ্যাতিমান গায়ক সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সিঙ্গাপুর। সোমবার সন্ধ্যার দিকে দেশটি থেকে আসবে এয়ার অ্যাম্বুলেন্স।
খবরটি নিশ্চিত করেন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন।
তিনি জানান, এ গায়ককে নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ। এরপর রাত আটটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়বে। সুবীর নন্দীর সঙ্গে যাবেন মেয়ে মৌ।
সম্প্রতি বরেণ্য এই সংগীতশিল্পীকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ এপ্রিল রাতে পারিবারিক ভ্রমণ শেষে সিলেট থেকে ট্রেনযোগে ঢাকা ফেরার পথে হৃদ্রোগে আক্রান্ত হন সুবীর নন্দী। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গায়ককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। দেওয়া হয় লাইফ সাপোর্ট। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা গেছে, ৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।
সংগীত অঙ্গনে চার দশকের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সংগীতে অবদানের জন্য এ বছরই তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।
সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্মগ্রহণ করেন।
