এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি, সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হবে মঙ্গলবার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১২:৩৫ এএম

অসুস্থ সংগীত শিল্পী সুবীর নন্দীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া যায় নি। এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে  নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে তার পরিবার।  

সোমবার রাত ১১টার দিকে সুবীর নন্দীকে নিয়ে এয়ার  অ্যাম্বুলেন্সটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আবার ফিরে আসে শাহজালাল বিমানবন্দরে।

মঙ্গলবার দুপুরের পর আবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। সুবীর নন্দীকে পুনরায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ফিরিয়ে আনা হয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভোগা সুবীর নন্দীকে নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসে রাত আটটায়।

সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সুবীর নন্দীকে ভর্তি করা হবে।

উল্লেখ্য, সুবীর নন্দী ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারের বাড়িতে যান। সেখান থেকে ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। পরে তাকে রাত ১১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত