অনলাইনে চাকরি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট বিডি জবসে এখন থেকে বিদেশি চাকরির বিজ্ঞাপনও পাওয়া যাবে। এ জন্য প্রতিষ্ঠানটি নতুন চাকরির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ‘বিদেশ জবস’ (bdesh.bdjobs.com) চালু করেছে। রবিবার রাজধানীর একটি হোটেলে চাকরির নতুন এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়।
বিডি জবস এবং জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ওঙগ (IOM (International Organization for Migration) এর যৌথ উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেইনিং (ইগঊঞ) এর তত্ত্বাবধানে এ ওয়েবসাইট এবং অ্যাপটি নির্মিত হয়েছে।
বিদেশগামী কর্মীরা সঠিক তথ্যের অভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নানারকম প্রতিকূলতার মুখোমুখি হয়। অনেক ক্ষেত্রে তারা প্রতারণার শিকারও হন এবং বিদেশে যেতে পারেন না। অনেকে আবার বিদেশে পৌঁছাতে পারলেও প্রক্রিয়াগত ত্রুটির কারণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। বিডি জবস দাবি করছে, তাদের ওয়েবসাইট থেকে কেউ চাকরি পেলে এই সমস্যায় পড়বেন না।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘বিদেশ জবস’ শুধু সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্টদের দেওয়া বিদেশে চাকরির বিজ্ঞাপনগুলো প্রকাশ করবে। চাকরি প্রার্থীদের আবেদনপত্রগুলো সরাসরি মূল রিক্রুটিং এজেন্টদের কাছে চলে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, বিদেশে চাকরি প্রার্থীরা যাতে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে বিদেশ যেতে পারেন, তারা যেন কোনো প্রকার প্রতারণার শিকার না হন সেই প্রচেষ্টা থেকেই বিডিজবস ডট কম এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।
IOM-এর ডেপুটি মিশন প্রধান শ্যারন ডিমানশ আশা করছেন, এই জব সাইটের মাধ্যমে বিদেশগামী কর্মীরা সময়মতো বিদেশে চাকরির সঠিক তথ্য পাবে এবং কোনো প্রকার বিভ্রান্তিতে পড়বে না।
