প্রস্তুতিতেই ৯ মাস নিয়েছেন শুভ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০২:৫৫ এএম

এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এতে অভিনয়ের জন্য প্রায় ৯ মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন শুভ। সম্পূর্ণ নতুন লুক নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই অভিনেতা হাজির হতে যাচ্ছেন।

গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে আয়োজিত ‘মিট দ্য মিশন এক্সট্রিম টিম’ অনুষ্ঠানে এমন তথ্য জানান সিনেমাটির পরিচালক ও কাহিনীকার সানী সানোয়ার। তিনি বলেন, ‘মিশন এক্সট্রিমের জন্য আরিফিন শুভ অনেক ত্যাগ করছেন। প্রায় ৯ মাস ধরে কঠিন রুটিনের মধ্য দিয়ে শুভ নিজের শারীরিক গঠনে অনেক পরিবর্তন এনেছেন। তাছাড়া গ্রুমিংয়ে দীর্ঘ সময় দিয়েছেন এবং শুটিংয়েও অনেক পরিশ্রম করেছেন। আমার মনে হয় এর আগে বাংলাদেশের কেউ সিনেমার জন্য এত বড় ত্যাগ করেননি।’

এছাড়া সানী সানোয়ার আরও জানান, সিনেমাটির প্রতিটি দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে। প্রতিটি দৃশ্যই বাস্তবসম্মত মনে হবে। দেশের এবং বিদেশের এক্সপার্টরা অ্যাকশন দৃশ্যগুলোতে সাহায্য করেছেন।’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা আরিফিন শুভ, তাসকিন রহমান, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদসহ সিনেমাটির সকল শিল্পী ও কলাকুশলী। আরিফিন শুভ বলেন, ‘বেশ কিছু নতুন বিষয় আমরা মিশন এক্সট্রিমে রাখার চেষ্টা করেছি। শিল্পী থেকে শুরু কর পুরো ইউনিট নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করছে।’

‘কপ ক্রিয়েশন’-এর ব্যানারে নির্মিত হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। এর গল্পে রয়েছে ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

গত ২০ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত টানা সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। খুব শিগগিরই শুটিংয়ের জন্য ‘মিশন এক্সট্রিম’ টিম বিদেশে উড়াল দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত