অঞ্জনার উদারতা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০২:৫৬ এএম

গতকাল ছিল আন্তর্জাতিক নৃত্যদিবস। দেশের সকল নৃত্যশিল্পীকে নৃত্যদিবসের শুভেচ্ছা ও পেশাগত জীবনে উন্নতির জন্য শুভকামনা জানিয়েছেন ঢালিউডের ড্যান্স কুইন অঞ্জনা। তিনি চিত্রনায়িকা হিসেবে সর্বাধিক পরিচিতি পেলেও দেশ স্বাধীনের আগে এশিয়া মহাদেশের সেরা নৃত্যশিল্পীর খেতাব পেয়েছিলেন তিনি। তাছাড়া বাংলা ও হিন্দি সিনেমার গানে তার ক্লাসিক্যাল নৃত্য দর্শককে অন্যরকম আনন্দ দিয়েছে।

এদিকে সম্প্রতি দারুণ এক মহানুভবতার পরিচয় দিয়েছেন এই চিত্রতারকা।  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে দুস্থ শিল্পীদের জন্য এক লক্ষ টাকা প্রদান করেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এক সময় যাদের সঙ্গে সিনেমা করেছি, আনন্দ-আড্ডায় দিন কাটিয়েছি তাদের অনেকেই আজ দুস্থ শিল্পীর পরিচয়ে বেঁচে আছে। খুব খারাপ লাগে, তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু এটা ভেবে বেশি কষ্ট লাগে যেÑ কবরী, শাবানা, ববিতা, সুচরিতা, রোজিনা, অঞ্জু, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, অপু বিশ্বাসরা এই বাংলা চলচ্চিত্র থেকেই নিজেদের নাম-যশ-খ্যাতি-অর্থ সব পেয়েছেন! কিন্তু চলচ্চিত্রের অসহায় শিল্পীদের জন্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে কেউ কোনোদিন একটি টাকাও দেননি। আপনারা চলচ্চিত্র থেকে অনেক কিছু পেয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে চলচ্চিত্রকে ভালোবাসতে পারেননি। আপনারা যদি তাদের পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়াতেন তাদের কত উপকার হতো তা বলার অপেক্ষা রাখে না। আমি পাশে দাঁড়িয়েছি, এটা দেখে যদি কেউ এগিয়ে আসেন তাতেই আমার শান্তি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত