বিবাহবিচ্ছেদকে ‘না’

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০২:৫৭ এএম

গাঁটছড়া বাঁধার আগে প্রায় অর্ধযুগ প্রেম করেছেন হলিউডের আলোচিত জুটি  মেগান ফক্স ও ব্রায়ান অস্টিন গ্রিন। ২০১০ সালে তারা বিয়ে করলেও এই বিয়ে হওয়ার কথা ছিল ২০০৬ সালে। তখন বাগদান সেরে কী মনে হলো মেগানের, বিয়ে ভেঙে দিলেন। আদালতে ডিভোর্সের আবেদন করার চার বছর পর আবার কী মনে হলো, এবার সেই আবেদন খারিজ করার জন্য আবেদন করেছেন মেগান ফক্স। আসলে সম্পর্কের টানাপোড়েন কমবেশি সবখানেই থাকে। বাদ যায়নি হলিউডের ‘হাইপ্রোফাইল’ এই দম্পতির ক্ষেত্রেও। গত রোববার স্বামীর সঙ্গে বিচ্ছেদপ্রক্রিয়া খারিজ করার জন্য আবেদন করেছেন এই তারকা। ২০১৫ সালে বিচ্ছেদের আবেদন করেছিলেন এই দম্পতি। এর এক বছর পর আবার নিজেরাই মিটমাট করে নেন। ২০১৬ সালের ৪ আগস্ট তৃতীয় ছেলেসন্তানের জন্ম দেন এই দম্পতি। কিন্তু বিবাহবিচ্ছেদের আবেদন করার পর তা খারিজের জন্য আইন অনুযায়ী কাগজ পাঠানোর ঘটনা তেমন শোনা যায় না। এর আগে নিজেদের মধ্যে বোঝাপড়া করলেও আদালতে বিচ্ছেদের আবেদন খারিজ করতে আইনি নোটিস পাঠানো হয়নি।

অবশ্য, মেগানের জন্য গ্রিন প্রথম প্রেম হলেও গ্রিনের জন্য মেগান দ্বিতীয়। ‘বেভারলি হিলস ৯০২১০’ টিভি সিরিজে একসঙ্গে অভিনয় করতে গিয়ে ভেনেসা মারসিলের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ব্রায়ান অস্টিন গ্রিন। ১৯৯৯ সাল থেকে পরবর্তী চার বছর তারা একসঙ্গে ছিলেন। ২০০২ সালে তাদের ছেলে কসিয়াস পৃথিবীর আলো দেখে। ২০০৩ সালে ভেনেসার সঙ্গে বিচ্ছেদের এক বছরের মাথায় মেগানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ব্রায়ান। ২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ কমেডি সিরিজের সেটে প্রথম পরিচয় হয় ব্রায়ান ও মেগানের। তখন ব্রায়ানের বয়স ছিল ৩০ আর মেগানের ১৮। ২০১০ সালের ২৪ জুন হাওয়াই দ্বীপপুঞ্জে ফোর সিজনস রিসোর্টে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ব্রায়ান ও মেগান। এই দম্পতির নোয়া শ্যানন গ্রিন (জন্ম ২০১২), বোধি র‌্যানসন গ্রিন (জন্ম ২০১৪) ও জার্নি রিভার গ্রিন (জন্ম ২০১৬) নামের তিন সন্তান আছে। এই সন্তানেরাই নাকি মেগান আর ব্রায়ানকে সবকিছু ভুলে আবারও এক ছাদের নিচে আসতে অনুপ্রাণিত করছে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত