বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হলেন শেখ ফজলে ফাহিম। তিনি বিদায়ী কমিটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এফবিসিসিআইয়ের ২২তম সভাপতি ফজলে ফাহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটিরও সদস্য তিনি। গতকাল রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে নির্বাচিত ও মনোনীত পরিচালকদের ভোটে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মুনতাকিম আশরাফ। তিনিও বিদায়ী কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এফবিসিসিআইর নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ ২০১৯-২১ মেয়াদের নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
এফবিসিসিআইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফবিসিসিআইর পরিচালক পদে নির্বাচিত ৭১ জনের নিরঙ্কুশ সমর্থনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ ফজলে ফাহিম। তিনি সফিউল ইসলাম মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। মাল্টিডিসিপ্লিন প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কোম্পানি অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ইউরো পেট্রো প্রডাক্ট লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে আসা মুনতাকিম আশরাফ বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। তার বাবা সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এই নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন।
জ্যেষ্ঠ সহসভাপতির সঙ্গে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন করে মোট ছয়জনকে সহসভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন হাসিনা নেওয়াজ, রেজাউল করিম রেজনু ও দিলীপ কুমার আগারওয়াল। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ এবং নিজাম উদ্দিন রাজেশ। ফেডারেশনের চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিরা এবারের নির্বাচনে শেখ ফজলে ফাহিমের নেতৃত্বাধীন প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে নিরঙ্কুশ সমর্থন জানান। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পরিচালকদের সবাই ভোট ছাড়াই জয়ী হন।
