মাশরাফীর অনুরোধ

সেই চার চিকিৎসকের বরখাস্তের আদেশ প্রত্যাহার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৩:৫৮ এএম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার মৌখিক অনুরোধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণে সেই চার চিকিৎসকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার মৌখিকভাবে এ আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ ফ ম মশিউর রহমান বাবু। তিনি জানান, আজ মঙ্গলবার প্রত্যাহারের আদেশ নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের দপ্তরে পৌঁছাবে।

ওই চিকিৎসকরা হলেন সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. আকরাম হোসেন, জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. শওকত আলী, জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. রবিউল আলম ও মেডিকেল অফিসার এ এস এম সায়েম। গতকাল বিকেলে তাদের সাময়িক বরখাস্তের চিঠি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস শাকুর ও সিভিল সার্জন ডা. আসাদ উজ-জামান মুন্সীর হাতে পৌঁছে। এর আগে গত রবিবার দুপুরে ওই চারজনকে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মাশরাফী মোবাইল ফোনে বলেন, ‘সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কথা বিবেচনা করে এবং কোনো প্রকার শাস্তি না দিয়ে সংশোধনের মাধ্যমে আগামীতে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এমন প্রতাশা করেই ওই চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছি।’

গত বৃহস্পতিবার বিকেলে আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে যান মাশরাফী। সে সময় ওই চার চিকিৎসক হাসপাতালে অনুপস্থিত ছিলেন। এছাড়া মাশরাফী বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সঙ্গে কথা বলে বিভিন্ন অব্যবস্থাপনা দেখতে পান। পরে রাতে তিনি হাসপাতালের কর্মকর্তা-চিকিৎসক-নার্স-কর্মচারী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নিয়ে মতবিনিময় করেন। সেখানে হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এমপি মাশরাফী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত