শ্রীলঙ্কার হামলায় ক্রাইস্টচার্চকে টেনে আনায় ক্ষুব্ধ নিউজিল্যান্ড

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৫:৩৯ পিএম

শ্রীলঙ্কায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ক্রাইস্টচার্চের ঘটনাকে টেনে আনায় সমালোচনা করেছে নিউজিল্যান্ড।

দেশটির একই সঙ্গে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটার্স জানান, শ্রীলঙ্কার ঘটনায় নিউজিল্যান্ডকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

গত সপ্তাহে শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন দাবি করেন, প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে যে, নিউজিল্যান্ডের হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে। 

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ জানায়, শ্রীলঙ্কার হামলার সঙ্গে ক্রাইস্টচার্চের ঘটনার কোনো সম্পৃক্ততা তার সরকার খুঁজে পায়নি, মঙ্গলবার উইন্সটন পিটার্স এমনটাই জানান।

তিনি বলেন, “বিশেষজ্ঞদের মতে ক্রাইস্টচার্চের ঘটনার আগেই শ্রীলঙ্কার হামলার পরিকল্পনা করা হয়।”

পিটার্স বলেন, “এটি অনেকটাই সস্তা একটা দাবি। কোনো মতামত দেওয়ার আগে চিন্তা করা উচিত।”

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুই মসজিদে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর এক খ্রিস্টান শেতাঙ্গবাদী সন্ত্রাসী বন্দুক হামলা চালায়। এতে নিহত হন ৫০ জন।

২১ এপ্রিল শ্রীলঙ্কায় খ্রিস্টানদের ইস্টার সানডের প্রার্থনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইসের আত্মঘাতী হামলায় নিহত হন ৩২১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত