বায়তুল মোকাররমে বোমা হামলার হুমকি

আপডেট : ০১ মে ২০১৯, ১২:০৭ এএম

বায়তুল মোকাররম মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নিজেকে জেএমবি কর্মী পরিচয় দিয়ে হাফেজ মাওলানা কামরুজ্জামান নামে এক ব্যক্তি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর ডাকযোগে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেন।

বায়তুল মোকাররমের আশপাশের আবাসিক হোটেলগুলো থেকে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়ে এ হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নুরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গত সপ্তাহে আমরা একটা উড়ো চিঠি পেয়েছি তাতে এক ব্যক্তি জঙ্গি হামলার হুমকি দিয়েছে। কিন্তু এটি কতটুকু সত্য তা আমরা নিশ্চিত হতে পারিনি।

বিষয়টি স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় এবং পুলিশকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরাও সতর্কতা মূলক ব্যবস্থাও নিয়েছি।

ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, চিঠিতে ‘১৪৭/এ, মালিটোলা, বংশাল, ঢাকা’- ঠিকানা ব্যবহার করা হয়েছে।

গত ২৩ এপ্রিল চিঠিটি ইসলামিক ফাউন্ডেশনে আসে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। ধর্ম মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন ঢাকা মহানগর পুলিশকে আলাদা চিঠি দিয়ে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে মসজিদের আশপাশের এলাকায় অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হয় অভিযোগ তুলে তা বন্ধ না করলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এসব ঘটনার সঙ্গে ওই এলাকার পুলিশের কিছু কর্মকর্তাও জড়িত বলে চিঠিতে উল্লেখ করা হয়।

হুমকির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের উপকমিশনার আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যেখানে নিরাপত্তা বাড়ানো উচিত সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চিঠির ঠিকানা অনুযায়ী জেএমবি কর্মীকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত