দলের অন্য সবার সঙ্গে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়া হলো না সাকিব আল হাসানের। পরিবার সঙ্গে নিয়ে যাবেন বলে একটু পেছনে পড়তে হচ্ছে তাকে। বুধবার সন্ধ্যায় আয়ারল্যান্ডের উদ্দেশে বিমান ধরবেন দেশসেরা অলরাউন্ডার।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এর মধ্যে ১৭ জন বুধবার বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্স যোগে একসঙ্গে উড়াল দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতেই রওনা দিয়েছেন ফরহাদ রেজা।
পরিবারসহ রওনা দেবেন সাকিব। এমিরেটসের যে বিমানে করে দল গেল সেটিতে সাকিবের পরিবারের টিকিট পাওয়া যায়নি। বিশ্বকাপে স্কোয়াডে থাকা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের টিকিট দিয়েছে আইসিসি। আয়ারল্যান্ড সফরে অতিরিক্ত যারা আছেন, তাদের টিকিট কেটেছে বিসিবি। আর পরিবারের টিকিট কাটতে হবে খেলোয়াড়কে। সকালের ফ্লাইটে দলের সঙ্গে টিকিট না পাওয়ায় সাকিব পরিবার নিয়ে যাবেন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে।
দুদিন আগে বাংলাদেশ দলের ফটোসেশনে সাকিবের অনুপস্থিতি নিয়ে কম বিতর্ক হয়নি। মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়ে সেই বিতর্কের আগুনে আবার ঘি ঢেলেছেন তার স্ত্রী।
ডাবলিনে পৌঁছে শুক্র ও শনিবার নিজেদের মতো অনুশীলন করবে বাংলাদেশ দল। পরে ৫ মে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচ হবে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার। সিরিজ শুরুর দিনে আয়ারল্যান্ড 'এ' দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ত্রিদেশীয় সিরিজের মিশন।
ত্রি-দেশীয় সিরিজ শেষে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে ইংল্যান্ডে রওনা হবে মাশরাফীবাহিনী।
