বলিউডে ঠোঁটকাটা হিসেবে তার নাম আছে। অনেকেই আবার বলে থাকেন-অকারণ বিতর্ক তৈরি করতে তিনি নাকি সবসময়ই ভালোবাসেন।
কঙ্গনা রানাওয়াতের সম্পর্কে বি-টাউনের অনেকেই এ কথা বলে থাকেন।
অনেকদিন ধরেই মহেশ ভাট কন্যা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে টার্গেট করে নানান মন্তব্য করে আসছেন কঙ্গনা। তার সঙ্গে যোগ দিয়েছেন কঙ্গনার বোন রঙ্গোলি চন্দেলও।
‘গলি বয়’ ছবিতে আলিয়ার অভিনয় বিশেষ দাগ কাটতে পারেনি। দেশের বিষয়ে আলিয়ার-রণবীরের কোনও মাথা ব্যাথা নেই। আবার কখনও বা আলিয়া ও তার মা সোনি রাজদানের নাগরিকত্ব নিয়েও কটাক্ষ করেছেন কঙ্গনা।
তবে কঙ্গনার এমনসজ আক্রমণে বরাবরই চুপ থেকেছেন আলিয়া। আলিয়ার স্পষ্ট জবাব ছিল ‘যে যা বলছে বলুক, এসব নিয়ে মাথা ঘামাতে আমি রাজি নই, আমি চুপ থাকতেই পছন্দ করি।’
শুধু আলিয়াই নন, কঙ্গনার বোন রঙ্গোলির আক্রমণের শিকার আলিয়ার বাবা খ্যাতনামা পরিচালক, প্রযোজক মহেশ ভাটও।
রঙ্গোলি মহেশ ভাটকে আক্রমণ করে টুইট করেছিলেন, মহেশজী কখনওই কঙ্গনাকে ব্রেক দেননি, দিয়েছিলেন অনুরাগ বসু, আর ছবির প্রযোজনা করেছিলেন মহেশ ভাটের ভাই মুকেশ ভাট। মহেশজী শুধুই ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কাজ করেছিলেন।
এখানেই শেষ নয়, ‘ও লমহে’ ছবির স্ক্রিনিংয়ে মহেশ ভাট নাকি ১৯ বছরের কঙ্গনাকে চপ্পল ছুঁড়ে মেরেছিলেন বলেও অভিযোগ করেছিলেন রঙ্গোলি চান্দেল।
সম্প্রতি, কঙ্গনা ও রঙ্গোলি চান্দেলের এই ধরনের আক্রমণের বিষয় নিযে মহেশ ভাটকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, ‘আমরা কখনোই নিজের সন্তানদের উপর কিংবা সন্তানসম এমন কারোর দিকে আঙুল তুলি না। ও (কঙ্গনা) তো বাচ্চা। ওর বিরুদ্ধে কথা বলতে আমরা রুচিতে বাঁধে।’
তবে, কঙ্গনা ও রঙ্গোলির করা মন্তব্য নিয়ে মহেশ ভাট কন্যা পূজা ভাটকে প্রশ্ন করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
