মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিল জাতিসংঘ

আপডেট : ০১ মে ২০১৯, ১০:১২ পিএম

কাশ্মীরভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মুহাম্মদের নেতা মাসুদ আজহারকে 'সন্ত্রাসী' আখ্যা দিল জাতিসংঘ। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির আরেক আধাসামরিক বাহিনী সিআরপিএফের গাড়িবহরে এক আত্মঘাতী হামলায় ৪৯ জন সদস্য নিহত হন। এ ঘটনার দায় স্বীকার করে জইশ-ই-মুহাম্মদ। মাসুদ আজহারের পরিকল্পনায় জইশ এ হামলা চালায় বলে দাবি করে ভারত।

বিবিসি জানায়, জইশ নেতা মাসুদকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' হিসাবে ঘোষণার জন্য ভারতকে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে এ প্রস্তাবে আপত্তি জানায় চীন।

এমন পরিস্থিতিতে গত সপ্তাহে বেইজিং সফর যান ভারতের পররাষ্ট্রসচিব বিজয় গোখেল। চীনের হাতে তুলে দেওয়া হয় একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে মাসুদের জড়িত থাকার প্রমাণ। সেই সঙ্গে ভারতের অনুরোধে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় চীন।

এদিকে নিরাপত্তা পরিষদের এ সিদ্ধান্তে এ জইশ নেতার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ ছাড়া তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে পাকিস্তানের প্রশাসনকে। তবে ইসলামাবাদ জানিয়েছে এ ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত