ফের বদলেছে টাইগারদের বিশ্বকাপ জার্সি

আপডেট : ০২ মে ২০১৯, ০৪:৩৯ পিএম

আরেকবার বদলানো হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সির ডিজাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে সবুজ জার্সিতে লালের ছোঁয়া লাগানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। তবে পরিবর্তিত জার্সির যে ডিজাইন দেখানো হয়েছিল, সেটিতেও আরেকটু পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ তিন দিনের মধ্যে দুই দফায় বদলাল টাইগারদের বিশ্বকাপ জার্সির ডিজাইন।

বিশ্বকাপে টাইগারদের জন্য করা হয়েছে দুটি জার্সি। একটি সবুজ রঙের, অন্যটি লাল। লাল জার্সিটা মূলত অ্যাওয়ে জার্সি। অন্য দলের সঙ্গে জার্সি মিলে গেলেই কেবল লাল জার্সিতে দেখা যাবে টাইগারদের।

image

সবুজ রঙের যে জার্সি চূড়ান্ত করা হয়েছে সেটিতে বুকের ওপর থাকছে লাল ডোরা। তার ওপর সাদা হরফে লেখা বাংলাদেশ। আর লাল জার্সিতে বুকের ওপর সবুজ ডোবা তো থাকছেই। হাতাতেও থাকছে লালের ছোঁয়া। সবুজ জার্সির হাতাতে লাল থাকছে না। কেননা সেখানে স্পনসর লাইফবয়ের লোগো রয়েছে। যেটির রঙ লাল।

এর আগে সবুজ রঙের যে জার্সি চূড়ান্ত করা হয়েছিল সেটিতে লালের কোনো ছোঁয়া ছিল না। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ও ক্রিকেটারদের নম্বর লাল রেখে ডিজাইন করেছিল। কিন্তু আইসিসির নির্দেশে সেটি বদলে ফেলা হয়।

কিন্তু লালের ছোঁয়া ছাড়া জার্সি নিয়ে সমালোচনা তৈরি হয়। পরে বিসিবি সভাপতি নতুন জার্সির একটি মডেল দেখান সবাইকে। সেটিও কিছুটা পরিবর্তন এনে জার্সি চূড়ান্ত করা হয়েছে। যার অনুমোদন দিয়েছে আইসিসি। অর্থাৎ এখন বলাই যায়- এটিই বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ জার্সি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত