ভাট পরিবারকে যেন নিশানায় রেখেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত আর তার বোন রাঙ্গোলি। চিত্রপরিচালক মহেশ ভাটের পাশাপাশি তার মেয়ে আলিয়া ভাটকে নিয়েও প্রায়ই নানারকম কটাক্ষ আর অভিযোগ করছেন তারা। কী কারণে ভাট পরিবারের ওপর কঙ্গনা আর তার বোন রাঙ্গোলি এত ক্ষ্যাপা তা স্পষ্ট নয়। কিন্তু এত কিছুর পরও তাদের ‘বাচ্চা’ বলে সম্বোধন করে জাস্ট ক্ষমা করে দিলেন মহেশ ভাট। কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সম্প্রতি মহেশ ভাটের বিরুদ্ধে কঙ্গনাকে চপ্পল ছুড়ে মারার অভিযোগ করেছেন। বলেছেন, ‘ও লমহে’ ছবির স্ক্রিনিংয়ের সময় অন্য একটি ছবিতে সই করতে রাজি ছিলেন না কঙ্গনা। সে সময় মহেশ নাকি কঙ্গনাকে চপ্পল ছুড়েছিলেন। এ অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে মহেশ বলেন, বাচ্চাদের বিরুদ্ধে কথা বলেন না তিনি।
এক সংবাদ সংস্থার প্রশ্নের জবাবে মহেশ বলেন, ‘আমাদের নীতিবোধ শেখায়, বাচ্চাদের বিরুদ্ধে খারাপ কথা না বলা।’ এরপরই কঙ্গনাকে ‘বাচ্চা’ মেয়ে সম্বোধন করে তিনি বলেন, ‘ও একটা বাচ্চার মতো। আমাদের সঙ্গে নিজের জীবন শুরু করেছিল। তার আত্মীয় আমাকে নিয়ে খারাপ কথা বললেও আমি বলব না। আমরা কখনোই নিজের সন্তান বা সন্তানসম এমন কারও দিকে আঙুল তুলি না।’ অনেকেই বলছেন মহেশ ভাট কঙ্গনাকে ক্ষমা করলেন নাকি ‘বাচ্চা’ বলে অপমান করলেন! মহেশের মুখে এই ‘বাচ্চা’ সম্বোধন পাওয়ার পর কঙ্গনা এখন কী বলেন সেটাই দেখার।
