‘গেম অব থ্রোনস’ নায়িকাকে বিয়ে করলেন প্রিয়াঙ্কার ভাসুর

আপডেট : ০২ মে ২০১৯, ১১:২৫ পিএম

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে হয়েছে সাত মাস হয়ে গেল। এবার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড-হলিউড নায়িকা প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাস। কনে জনপ্রিয় টিভি শো ‘গেম অব থ্রোনস’ নায়িকা সোফি টার্নার। সবাইকে অবাক করে জো-সোফি প্রেমের শুভ পরিণতি ঘটালেন লাস ভেগাসে। অতিথিদের অনেকে সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় লাইভ তুলে ধরেছেন। বিয়ের অনুষ্ঠানে সোফিকে সাদা গাউন ও সাদা ভেল পরে থাকতে দেখা যায়। সেখানে সবার সামনেই জো ও সোফি আংটি বদল করেন।

জো জোনাসের সঙ্গে সোফি টার্নারের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল ২০১৬ সাল থেকে। ২০১৭ সালে অক্টোবর মাসে সোফিকে প্রেম নিবেদন করেন জো। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে সোফি বিয়ে সেরে ফেলার কথা বলেন। বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে বলে উল্লেখ করেন। তবে হঠাৎ যে এভাবে বিয়ে করবেন তা হয়তো কেউই আশা করেননি।কিছুদিন আগে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে প্রথমবারের জন্য একসঙ্গে পারফর্ম করতে দেখা যায় নিক, কেভিন ও জো তিন ভাইয়ের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’কে। মাঝে অবশ্য মনোমালিন্যের কারণে ছয় বছর ব্যান্ডটি কোথাও পারফর্ম করেনি। তিন ভাইয়ের পারফরমেন্সের সময় সোফিকে প্রিয়াঙ্কা ও ড্যানিয়েল জোনাসের সঙ্গে বসে থাকতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত