ট্রাকে চিনি বিক্রি করবে চিনি ও খাদ্য শিল্প সংস্থা

আপডেট : ০২ মে ২০১৯, ১১:৩১ পিএম

রমজান উপলক্ষে রাজধানীসহ সব বিভাগীয় শহর ও রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর গেটে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি বিক্রি করবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা। ঢাকার ১৬ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ট্রাক সেলে প্রতি কেজি প্যাকেটজাত চিনি ৬৫ এবং মিলগেটে খোলা চিনি ৫০ টাকা দরে বিক্রি হবে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনে এ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব মো. আবদুল হালিম। করপোরেশনের চেয়ারম্যান আ শ ম ইমদাদুদ দস্তগীর এতে সভাপতিত্ব করেন। শিল্পমন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে দেশের কোথাও চিনির ঘাটতি হবে না। রমজানে সবার কাছে পৌঁছে দিতে ট্রাকের মাধ্যমে চিনি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

রমজানে চিনির সম্ভাব্য চাহিদা প্রায় ৩ লাখ টন জানান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কাছে ১ লাখ ৪৬ হাজার টনের বেশি চিনি মজুদ আছে। এ ছাড়া চলতি অর্থবছর বেসরকারি পর্যায়ে ১৭ লাখ ৬ হাজার ৬৭৯ টন অপ্রক্রিয়াজাত চিনি আমদানি হয়েছে। তিনি বলেন, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কারসাজি করে চিনির মূল্য বাড়ানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজানে ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে ব্রিফিংয়ে জানান শিল্পমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত