সংবাদ সম্মেলনে রিজভী

ফণি যখন ধেয়ে আসছে প্রধানমন্ত্রী তখন চলে গেলেন

আপডেট : ০৩ মে ২০১৯, ০৩:৫১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘূর্ণিঝড় ফণি যখন উপকূলের দিকে ধেয়ে আসছে ঠিক তখন প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলার জন্য কোনো সভা না করে বিদেশ সফরে গেলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপকূলীয় এলাকার জনগণকে সরিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, যেকোনো বড় দুর্যোগ-দুর্বিপাক মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল’ আছে। প্রধানমন্ত্রী সভা না করে বিদেশ চলে গেলেন। কোনো আন্তঃমন্ত্রণালয় সভা নেই। উপকূলীয় জেলা পর্যায়ে জরুরি সভা নেই। তিন বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, কোস্টগার্ড, আনসারদের নিয়ে কোনো সভা করা হয়নি। উদ্ধারকাজে কোনো প্রস্তুতি গ্রহণ করা হয়নি। তিনি বলেন, ‘ফণি উপকূলীয় এলাকায় অকল্পনীয় তান্ডবলীলা চালাবে, যা ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়কান্ডের চেয়ে ভয়াবহ হতে পারে। তখন সাইক্লোন চট্টগ্রাম বিভাগের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড করে দিয়েছিল। তখন বিএনপি সফলতার সঙ্গে সরকার পরিচালনা করেছে। বিপদ দেখলে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। দেশের মানুষ বাঁচল কি মরল তাতে স্বৈরাচারী সরকারের কিছু যায় আসে না।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত