‘স্টার ওয়ার্স’ তারকা পিটার মেহিউ মারা গেছেন

আপডেট : ০৩ মে ২০১৯, ১২:৪০ পিএম

মারা গেলেন ‘স্টার ওয়ার্স’ সিনেমার আইকনিক চরিত্র চিউবাকার অভিনেতা পিটার মেহিউ। তার বয়স হয়েছিল ৭৪ বছর। পারিবারিক সূত্রে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

৩০ এপ্রিল টেক্সাসের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলেন এক বিবৃতিতে জানানো হয়।

এই ব্রিটিশ-আমেরিকা অভিনেতা ১৯৭৭ সালে শুরু হয়ে ২০১৫ সালে শেষ হওয়া ‘স্টার ওয়ার্স’-এ অরিজিনাল ট্রিলজিতে দৈত্যকার যোদ্ধা চিউবাকা চরিত্রে অভিনয় করেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, চিউবাকা চরিত্রে মন-প্রাণ দিয়ে অভিনয় করছেন পিটার। যা ছবির প্রতিটি দৃশ্যে ফুটে উঠেছে।

১৯৪৪ সালে লন্ডনে জন্ম নেওয়া পিটার মেহিউ অরিজিনাল ট্রিলজির পাশাপাশি তিনটি প্রিক্যুয়েল ও নিউ ট্রিলজিতেও অভিনয় করেন।

‘স্টার ওয়ার্স’-এর স্রষ্টা জর্জ লুকাস শুরুতে চিউবাকা চরিত্রে ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা ডেভিড প্রোসেকে ভেবেছিলেন। পরে তার স্থলাভিষিক্ত হন ৭ ফুট ২ ইঞ্চি লম্বা পিটার। শুধুমাত্র দৈর্ঘ্যের কারণে এই চরিত্রে স্থান পান তিনি। আর তার প্রকৃত চেহারা কোনো পর্বেই সরাসরি দেখা যায়নি। শেষ জীবনে হুইলচেয়ারে কাটলেও তিনি চেয়েছেন চরিত্রটিতে ফিরতে। পরে তার স্থলাভিষিক্ত হন জোনাস সুওটামো।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এ শেষবার অভিনয় করেন পিটার। সেখানে জোনাসও ছিলেন এই চরিত্রে।

তবে পিটার মেহিউ-এর মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

সেখানে আরও জানানো হয়, ২৯ জুন বন্ধু ও পরিবারের উপস্থিতিতে পিটার মেহিউ-এর স্মরণসভা আয়োজিত হবে। আর ডিসেম্বরে ভক্তদের নিয়ে আরেকটি অনুষ্ঠান হবে।

পিটার মেহিউ মৃত্যুকালে স্ত্রী অ্যাঙ্গি ও তিন সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে ‘স্টার ওয়ার্স’ পরিবারসহ অনেকেই শোক জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত