এক বছর ধরে বেশ উত্তেজনা নিয়ে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখার অপেক্ষা করছিল দর্শক। ছবির বক্স অফিস সাফল্য বলছে প্রতীক্ষা বৃথা যায়নি। ইতিমধ্যে বাজার থেকে তুলে নিয়েছে ১৫০ কোটি ডলারের মতো।
এমন অতি প্রতীক্ষিত ছবি নিয়ে ভক্তরা পাগলামি করবে- এটাই স্বাভাবিক। এবার ‘অ্যাভেজ্ঞার্স: এন্ডগেম’ দেখতে অপেশাদার আচরণ করে গ্রেপ্তার হলেন এক বিমান সেনা। এ ঘটনা দক্ষিণ কোরিয়ার।
একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে কমিক বুক ডটকম জানায়, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক বিমান সেনা নিখোঁজ হন। পরে তাকে পাওয়া যায় সিনেমা হলে, তখন তিনি ‘এন্ডগেম’ দেখে বের হচ্ছিলেন। ফলশ্রুতিতে বিচারের মুখে দাঁড়াতে হচ্ছে তাকে।
জানা যায়, ১৮ সেনাকে পাবলিক সার্ভিস ডিউটির জন্য দপ্তর থেকে পাঠানো হয়। এর মধ্যে ১৭ জন ফিরে আসলেও একজনকে পাওয়া যাচ্ছিল না।
পরে তার খোঁজে নামে একদল সেনা। এক ট্যাক্সি চালকের সূত্রে জানান, এক বিমান সেনাকে সিনেমা হলের সামনে নামিয়েছেন। এরপর মিলিটারি পুলিশ ওই সেনাকে গ্রেপ্তার করে। তখন তিনি সিনেমা শেষ করে হল ত্যাগ করছিলেন।
তিনি জানান, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখার জন্য দায়িত্ব ফেলে সিনেমা হলে আসেন।
বর্তমানে এই ব্যক্তির অপরাধের তদন্ত চলছে বলে জানান সেনা মুখপাত্র। তবে জানা যায়নি, ওই ব্যক্তির কী সাজা হতে যাচ্ছে।
দুই ভাই জো ও অ্যান্থনি রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এ আরও অভিনয় করেছেন ক্রিস ইভান্স, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড, চ্যাডউইক বোসমান, ডন ছেডলে, পল বেট্টানি, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকিয়ে, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টোন, জো সালডানা, জশ ব্রোলিন, ক্রিস প্রাট, পল রুড ও ব্রি লারসন।
