স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছেন এটিএম

আপডেট : ০৩ মে ২০১৯, ১০:২০ পিএম

রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে চিকিৎসক তার লাইফ সাপোর্ট খুলে দিয়েছেন। এখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন তিনি। তবে চিকিৎসকরা এই অভিনেতাকে আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন। খবরটি নিশ্চিত করেছেন এই অভিনয়শিল্পীর স্ত্রী রুনি জামান। এর আগে গত মঙ্গলবার দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ করেই অসুস্থবোধ করায় সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ এপ্রিল এই বরেণ্য অভিনেতার শরীরে অস্ত্রোপচার করা হয়। তখন তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ৭৮ বছর বয়সী এ অভিনেতা অধ্যাপক রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এটিএম শামসুজ্জামান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর ‘আলফা’। গত ২৬ এপ্রিল ছবিটি দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে এটিএম শামসুজ্জামান পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা হিসেবে সুনাম কুড়িয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। দীর্ঘ ক্যারিয়ারে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনয়শিল্পী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত