জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। এখন ব্যস্ত টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় নিয়ে। অভিনয়ের বাইরে তিনি নির্দেশনাও দিয়েছেন। সম্প্রতি ঈদের একটি সাত পর্বের ধারাবাহিক পরিচালনা করেছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : নূর
ঈদের সাত পর্বের নাটক নির্মাণ...
১৯৯৯ সালে প্রথম নাটক নির্মাণ করি। পরের বছরও আমার নির্দেশিত একটি নাটক প্রচার হয়। দীর্ঘ বিরতি দিয়ে গত বছর আবার নির্মাণ করি একটি নাটক। এবার আসন্ন ঈদে এশিয়ান টিভিতে প্রচারের উদ্দেশ্যে একটি সাত পর্বের নাটক নির্মাণ করেছি। ‘আব্বা উকিল ডাকবো’ শিরোনামের নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন বিপ্লব হায়দার। এতে আমি অভিনয়ও করেছি। পূবাইলে নাটকটির শ্যুটিং করছি। গত বুধবার থেকে শ্যুটিং শুরু করেছি, গত বৃহস্পতিবার শ্যুটিং শেষ হয়েছে। নাটকের গল্পের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। কমেডিনির্ভর গল্প হলেও দর্শকদের কাছে কোনোভাবেই ভাঁড়ামি মনে হবে না। গল্পের মধ্যে বিভিন্ন সিচুয়েশন রয়েছে, গল্প ধরে পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর মধ্যে দর্শকদের ভালো লাগার উপকরণ থাকবে, হাস্যরস থাকবে। নাটকটিতে আরও অভিনয় করছেন জাকিয়া বারী মম, নাজিরা মৌ, আ খ ম হাসান, শাহনাজ সুমি, ফারুক হোসেন, সঞ্জীব, মাসুদ রানা মিঠু, আমিরুল হক চৌধুরী, শবনম পারভিন প্রমুখ।
ঈদের ১০ পর্বের ধারাবাহিকে অভিনয়...
নিজের পরিচালনায় নাটকটির শ্যুটিং শেষ করে গতকাল থেকে ঈদে এটিএন বাংলায় প্রচারের উদ্দেশ্যে নির্মিত একটি ১০ পর্বের ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছি। কায়সার আহমেদ পরিচালিত এ নাটকের নাম ‘প্রেমের দুষ্টচক্র’। এ নাটকটিও কমেডিনির্ভর। তবে এ নাটকটির ক্ষেত্রেও বলব, এতে কমেডির নামে কোনো ভাঁড়ামি নেই। আমার সহশিল্পী হিসেবে আছেন অহনা। তিনি ইতোমধ্যে কমেডিনির্ভর নাটকে নিজেকে প্রমাণ করেছেন। ফলে আমাদের মধ্যে দারুণ রসায়ন দেখতে পাবেন দর্শক। এখানে আমি একটি গোবেচারা টাইপের স্বামী, যে সারাক্ষণ স্ত্রীর রোষানলে জব্দ থাকে। একপর্যায়ে স্বাধীনচেতা হয়ে আমি কয়েক জায়গায় প্রেমের জাল বোনার চেষ্টা করি। কিন্তু প্রতিবারই স্ত্রীর হাতে ধরা পড়ি আর নাজেহাল অবস্থা হয়। সব মিলিয়ে বেশ উপভোগ্য একটি নাটক হবে।
ঈদে কমেডির প্রাধান্য...
আমি ভাগ্যবান, পরিচালকরা কোনো জটিল ও ভিন্ন চরিত্র হলে আমাকে ডাকেন। কিন্তু সে ধরনের কাজ খুবই কম হচ্ছে ঈদে। বেশিরভাগ নাটকই কমেডিনির্ভর। তবে আমার চরিত্রগুলোতে ভিন্নতা রয়েছে। আসলে ঈদের আনন্দঘন আমেজে কেউ খুব সিরিয়াস নাটক দেখতে চান না।
