কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ে পালিত জন্মদিনের দুর্লভ তথ্য, ছবি আর স্মৃতিকথার গবেষণা আখ্যান নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ‘বাংলাদেশ ইভেন্টস’ ও ‘আর্কাইভ ৭১’। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘কবির জন্মদিন’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও সাংবাদিক মুন্নী সাহা। এতে সভাপতিত্ব করেন সুভাষ সিংহ রায় আর সঞ্চলনা করেন গবেষক ও তথ্য সংগ্রাহক শুভ্রজিত ভট্টাচার্য।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রবীন্দ্রনাথের গান, কবিতা ও বর্ণাঢ্য শিল্পজীবন নিয়ে পৃথক শিরোনামে চলবে নানা আয়োজন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ প্রদর্শনীয় চলবে আগামী সোমবার পর্যন্ত।
শনিবারের আয়োজনের শিরোনাম : কথা-বাজনা-কবিতা। রবীন্দ্রনাথের শিল্পজীবন নিয়ে কথা বলবেন শাহ আলম সারওয়ার, কবিতা পাঠ করবেন হাসান আরিফ, বেহালা বাজাবেন ড. শিউলি ভট্টাচার্য। শেষের দিনের আয়োজনে প্রধান অতিথি থাকার কথা রয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের। প্রদর্শনীতে ভারতের ত্রিপুরা রাজ্যের গবেষক শুভ্রজিত ভট্টাচার্যের গবেষণা ও সংগ্রহ স্থান পেয়েছে।
×
