স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির দর্শন মডেল কার্যকর ভূমিকা রাখছে। গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শান্তির দর্শন’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘বাংলাদেশে শান্তির ভিত রচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী উত্থাপিত ছয় স্তম্ভের শান্তির দর্শন মডেলটি গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর শান্তির দর্শন মডেলটি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’
তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন আর আঞ্চলিক সমস্যা নয়, বরং এটা আন্তর্জাতিক সমস্যা। তাই এটা নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী কার্যকর
উদ্যোগ প্রয়োজন। বিচার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
দেশের জনগণকে সচেতনতার সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সম্পৃক্ত হতে আহ্বান জানান শিরীন শারমিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ প্রমুখ।
