টেলিভিশন উপস্থাপক সঙ্গী ক্লার্ক গ্যাফোর্ডের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ৩৮ বছর বয়সী প্রধানমন্ত্রীর চিফ প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু ক্যাম্পবেল সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মাসে ইস্টারের ছুটিতে এই জুটির বাগদান হয়। এর বেশি কিছু জানাতে পারেননি তিনি। আরডার্ন কিংবা গ্যাফোর্ডের ফেইসবুক বা টুইটার অ্যাকাউন্টেও এ বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।
আরডার্ন-গ্যাফোর্ড জুটির নেভে তে অ্যারোহা আরডার্ন গ্যাফোর্ড নামের এক শিশু আছে, যার জন্ম গত বছর জুনে। মাওরি ভাষায় ‘অ্যারোহা’ শব্দের অর্থ ভালোবাসা। গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘে নেলসন ম্যান্ডেলা শান্তি সম্মেলনের জমায়েতকক্ষে তিন মাস বয়সী শিশুকে নিয়ে গিয়ে ইতিহাস গড়েন আরডার্ন ও গ্যাফোর্ড। আরডার্নের সঙ্গী নিউজিল্যান্ডে সুপরিচিত। তিনি মৎস্যশিকার নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। এর আগে তিনি তারুণ্যভিত্তিক সংগীত চ্যানেলের উপস্থাপক ছিলেন। সঙ্গীর বিষয়ে চলতি বছরের জানুয়ারিতে আরডার্ন বিবিসিকে বলেন, নারীবাদী হওয়া সত্ত্বেও বিয়ের জন্য গ্যাফোর্ডকে বলার বিষয়টা ভাবতে পারেন না তিনি।
